শিরোনাম
৭ বছরেও মেলেনি সমাধান

শিবপুরে দুই পরিবারের বিরোধে চরম উত্তেজনা

শিবপুরে দুই পরিবারের বিরোধে চরম উত্তেজনা


নরসিংদীর শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের উত্তর কামালপুর গ্রামে দুই পরিবারের দীর্ঘদিনের বিরোধ গত সাত বছরেও নিরসন হয়নি। অভিযোগ-পাল্টা অভিযোগ, হামলা ও মামলার জেরে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী শিবির আহাম্মদের পরিবারের চলাচলের রাস্তা নিয়ে প্রতিবেশী ফজলু মিয়ার পরিবারের সঙ্গে বিরোধের সূত্রপাত। অতীতে ফজলু মিয়ার বসতভিটার ওপর দিয়ে চলাচল করলেও পরে সেখানে পাকা বা ইটের সলিং রাস্তা নির্মাণের দাবি ওঠে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব বাড়তে থাকে এবং একপর্যায়ে তা মামলা-মোকদ্দমা ও সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, বিরোধকে কেন্দ্র করে একাধিকবার দেন-দরবার হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে আইনি পদক্ষেপ নিয়েছে।
সম্প্রতি গাছ কাটার অভিযোগে শিবপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এ ঘটনায় অর্থের প্রভাব খাটিয়ে ফজলু মিয়া ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে জেলহাজতে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন ফজলু মিয়ার স্বজনরা। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে চলমান এ বিরোধের কারণে গ্রামে অস্থিরতা বিরাজ করছে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান এবং সম্ভাব্য সংঘাত এড়াতে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর