শিরোনাম

কিশোরগঞ্জে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ সদর উপজেলার শোলাকিয়া কানিকাটা এলাকায় পৈতৃক জমি দখল, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আলী আকবর নামে এক ব্যক্তি। এ সময় তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত, আইনগত ব্যবস্থা এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চান।

শনিবার দুপুরে কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে এসব অভিযোগ করেন আলী আকবর।

আলী আকবরের অভিযোগ, তাঁর মা মারা যাওয়ার দিন এনসিপি নেতা মাহফুজ ও তাঁর বাবা আব্দুর রাশিদের নেতৃত্বে একদল লোক তাঁদের বাড়িতে হামলা চালায়। একই সময়ে শোলাকিয়া এলাকার কানিকাটায় তাঁদের পৈতৃক সম্পত্তির প্রায় ১২ শতাংশ জমি জোরপূর্বক দখল করা হয় বলেও দাবি করেন তিনি।

তিনি জানান, জমি নিয়ে বিরোধের জেরে আব্দুর রাশিদের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই মামলায় আদালতের রায় তাঁর পক্ষে গেছে বলে দাবি করেন আলী আকবর। তবে আদালতের রায় পাওয়ার পরও অভিযুক্তরা জমি ছেড়ে না দিয়ে দখল অব্যাহত রেখেছেন বলে অভিযোগ তাঁর।

আলী আকবর আরও অভিযোগ করেন, জমি উদ্ধারের জন্য পুনরায় আদালতের আশ্রয় নেওয়ার পর অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে তাঁর ওপর হামলা চালান। তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আলী আকবর বলেন, “আদালতের মামলায় জয়ী হয়েও আমি আমার জমি বুঝে পাইনি। জমি উদ্ধারের জন্য পুনরায় আদালতের দ্বারস্থ হওয়ার পর আমার ওপর হামলা করা হয়েছে। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।”

তিনি আরও বলেন, “আমি জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছি। সাংবাদিকদের মাধ্যমে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ জমি উদ্ধারে সহযোগিতা চাই।”

আলী আকবর অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুর রাশিদ, মাহফুজ বা তাঁদের পরিবারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যথাযথভাবে প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর