পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর পুকুর থেকে ওমর আলী (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পামুলী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওমর আলী ওই এলাকার আব্দুল হাইয়ের ছেলে। তিনি পেশায় ঘটক ছিলেন। পুলিশ জানিয়েছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যার পর থেকে ওমর আলী নিখোঁজ ছিলেন। পরে রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে তার জুতা পড়ে থাকতে দেখা যায়। তিনি পুকুরে পড়ে যেতে পারেন—এমন ধারণা থেকে স্থানীয়রা পানিতে নেমে তাকে খোঁজার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে রাতে দীর্ঘ সময় খোঁজ করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রংপুর থেকে বিশেষ ডুবুরি দলকে খবর দেওয়া হয়।
মঙ্গলবার সকালে রংপুরের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ১০ মিনিটের অভিযানে পুকুরের পানি থেকে ওমর আলীর মরদেহ উদ্ধার করা হয়।
দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য রফি ইসলাম বলেন, ‘সোমবার রাত আনুমানিক ৯টার দিকে আমাদের খবর দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে পরিদর্শনের পর রংপুরে জানানো হয়। পরে রংপুর থেকে বিশেষ ডুবুরি দলের সহযোগিতায় মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করা হয়েছে।’
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মরদেহ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।