শিরোনাম

সাতক্ষীরায় জনবান্ধব ও নৈতিক পুলিশ বাহিনী গড়তে পাঁচ দিনের প্রশিক্ষণ শুরু

সাতক্ষীরায় জনবান্ধব ও নৈতিক পুলিশ বাহিনী গড়তে পাঁচ দিনের প্রশিক্ষণ শুরু

জনবান্ধব, সেবামুখী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় পাঁচ দিনব্যাপী ‘পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত’ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ৯টায় সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আয়োজনে দ্বিতীয় ব্যাচের এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট এ.এস.এম. হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো পুলিশ সদস্যদের মধ্যে জনসেবার মানসিকতা, সততা, শৃঙ্খলা, মানবিকতা, পেশাদারিত্ব ও নৈতিক মূল্যবোধ আরও সুদৃঢ় করা।

তিনি বলেন, জনগণের প্রতি আন্তরিক, দায়িত্বশীল ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও আস্থাভাজন সম্পর্ক গড়ে তুলতে হবে। একজন পুলিশ সদস্যের পেশাগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধও সমান গুরুত্বপূর্ণ।

পুলিশ সুপার প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধ কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগের জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতার পাশাপাশি জনসেবার মানসিকতা, মানবিক আচরণ ও নৈতিক মূল্যবোধ উন্নয়নে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর