শিরোনাম

শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণে ৫ শর্তের বিজ্ঞপ্তি ভুয়া: শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণে ৫ শর্তের বিজ্ঞপ্তি ভুয়া: শিক্ষা মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ বা সরকারিকরণের জন্য পাঁচটি শর্ত নির্ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি ভুয়া। ১৩ নভেম্বর প্রকাশিত দাবি করা ওই বিজ্ঞপ্তির কোনো অস্তিত্ব শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যায়নি।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুক্রবার ও শনিবার সাপ্তাহিক সরকারি ছুটির দিনে সাধারণত এ ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় না। তবে জরুরি প্রয়োজনে কোনো বিজ্ঞপ্তি বা আদেশ প্রকাশ করা হতে পারে। ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি সে ধরনের জরুরি নির্দেশনাও নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিজ্ঞপ্তিটির সত্যতা নিয়ে সন্দেহের আরও কয়েকটি কারণ রয়েছে। এতে স্মারক নম্বর যথাযথভাবে উল্লেখ করা হয়নি। পাশাপাশি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তার নাম, পদবি কিংবা স্বাক্ষরও নেই।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের শর্তাবলি নিয়ে আলাদা বিজ্ঞপ্তির পরিবর্তে নীতিমালা প্রকাশ করে থাকে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে একটি নীতিমালার খসড়াও প্রস্তুত করা হয়েছে।

খসড়াটি চূড়ান্ত করতে শিগগিরই একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় আলোচনা শেষে নীতিমালাটি চূড়ান্ত করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করবে মন্ত্রণালয়।

প্রস্তাবিত নীতিমালায় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষকদের যোগ্যতা, জমির পরিমাণ, অবকাঠামো, গ্রন্থাগার, পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ এবং সহশিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়কে শর্ত হিসেবে বিবেচনায় নেওয়া হতে পারে।

তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পাঁচ শর্তের বিজ্ঞপ্তিকে শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক নির্দেশনা হিসেবে বিবেচনা না করার পরামর্শ সংশ্লিষ্ট সূত্রের।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর