শিরোনাম

খুলনার নগরায়ণের ইতিহাস: নদীবন্দর থেকে আধুনিক মহানগরী

খুলনার নগরায়ণের ইতিহাস: নদীবন্দর থেকে আধুনিক মহানগরী

খুলনা সিটি করপোরেশন

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণকেন্দ্র খুলনা। রূপসা ও ভৈরব নদের তীরে গড়ে ওঠা এই নগরীর নগরায়ণ, প্রশাসনিক বিকাশ ও শিল্পায়নের ইতিহাস বেশ সমৃদ্ধ। আজকের আধুনিক খুলনা সিটি করপোরেশন একদিনে গড়ে ওঠেনি। এর পেছনে রয়েছে এক শতাব্দীরও বেশি সময় ধরে পৌর প্রশাসনের বিবর্তন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং নগর উন্নয়নের ধারাবাহিক ইতিহাস।

ভৌগোলিক অবস্থান ও বাণিজ্যিক গুরুত্বের কারণে ব্রিটিশ শাসনামলে খুলনা ক্রমেই প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বিকশিত হতে থাকে। ১৮৮২ সালের ২৫ এপ্রিল খুলনা স্বতন্ত্র জেলার মর্যাদা লাভ করে। জেলা প্রতিষ্ঠার পর নগরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় ১৮৮৪ সালের ৮ সেপ্টেম্বর তৎকালীন ব্রিটিশ সরকারের কলকাতা গেজেটের বিজ্ঞপ্তির মাধ্যমে খুলনায় পৌর প্রশাসনের যাত্রা শুরু হয়।

প্রাথমিক পর্যায়ে খুলনা পৌরসভা ১০ জন নির্বাচিত সদস্য, চারজন উপ-আধিকারিক ও একজন মনোনীত সদস্যসহ মোট ১৫ সদস্যের বোর্ড নিয়ে গঠিত হয়েছিল। ১৮৮৪ সালের ১৩ ডিসেম্বর নগর পঞ্চায়েত নিযুক্ত কমিশনারদের সভায় হরকলী মুখোপাধ্যায়ের প্রস্তাব এবং খর্গেশ্বর বসুর সমর্থনে রেভারেন্ড গগন চন্দ্র দত্ত খুলনা পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। নগরীর প্রাথমিক অবকাঠামো, রাস্তাঘাট ও পানীয় জলের ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। তাঁর নামেই পরবর্তী সময়ে নগরীর ঐতিহাসিক গগন বাবু রোডের নামকরণ করা হয়।

পৌরসভার প্রাথমিক দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছিল তৎকালীন ভাইস চেয়ারম্যান কৈলাশচন্দ্র কাঞ্জিলালের ‘সত্যচরণ হাউস’-এ। যাত্রার শুরুতে খুলনা পৌর এলাকার আয়তন ছিল মাত্র ৪ দশমিক ৬৪ বর্গমাইল। টুটপাড়া, শেখপাড়া, চারাবাটি, হেলাতলা ও কয়লাঘাটা এলাকা নিয়ে গঠিত ছিল সেই পৌর এলাকা।

সময়ের সঙ্গে ভৈরব ও রূপসা নদীর ঘাট, রেলস্টেশন এবং নদীপথকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটতে থাকে। একই সঙ্গে শহরে পাকা সড়ক, সড়কবাতি, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ও অন্যান্য নাগরিক অবকাঠামো গড়ে ওঠে। ধীরে ধীরে বাড়তে থাকে পৌর এলাকার পরিধিও।

১৯৪৭ সালে দেশভাগের পর খুলনার অর্থনৈতিক ও ভৌগোলিক গুরুত্ব আরও বৃদ্ধি পায়। ১৯৫০ ও ১৯৬০-এর দশকে খুলনা শিপইয়ার্ড, নিউজপ্রিন্ট মিলস, হার্ডবোর্ড মিলসসহ একাধিক বৃহৎ পাটকল প্রতিষ্ঠিত হওয়ায় খুলনা দেশের অন্যতম প্রধান শিল্পনগরীতে পরিণত হয়। শিল্পপ্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ খুলনায় আসতে শুরু করেন। ফলে দ্রুত বাড়তে থাকে শহরের জনসংখ্যা ও নগরায়ণের চাপ।

ক্রমবর্ধমান জনসংখ্যা ও নাগরিক চাহিদা মোকাবিলায় ১৯৬০-এর দশকে ‘মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন অর্ডিন্যান্স’-এর আওতায় খুলনা মিউনিসিপ্যাল বোর্ডের নাম পরিবর্তন করে ‘খুলনা মিউনিসিপ্যাল কমিটি’ রাখা হয়। এ সময় পৌর এলাকার আয়তন ৪ দশমিক ৬৪ বর্গমাইল থেকে বাড়িয়ে ১৪ দশমিক ৩০ বর্গমাইলে উন্নীত করা হয়। শহরকে ১৪টি ওয়ার্ডে বিভক্ত করে ২৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা হয়। ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে খুলনার পৌর প্রশাসনের নাম আনুষ্ঠানিকভাবে ‘খুলনা পৌরসভা’ রাখা হয়। ১৯৭৩ সালে অনুষ্ঠিত খুলনা পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন বিশিষ্ট ভাষাসৈনিক গাজী শহীদুল্লাহ। তাঁর সময়ে শহরের প্রাণকেন্দ্র শহীদ হাদিস পার্কে ঐতিহাসিক শহীদ মিনার নির্মিত হয় এবং নাগরিক অবকাঠামো উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।

খুলনা পৌরসভার ইতিহাসে বড় মাইলফলক আসে ১৯৮৪ সালে। পৌর প্রতিষ্ঠার শতবর্ষপূর্তি উপলক্ষে ১৯৮৪ সালের ১২ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ খুলনা পৌসভাকে ‘খুলনা মিউনিসিপ্যাল করপোরেশন’-এ উন্নীত করেন। পরবর্তী সময়ে ১৯৯০ সালের ৬ আগস্ট প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ ‘খুলনা সিটি করপোরেশন’ (কেসিসি) হিসেবে মর্যাদা লাভ করে। নগরীর প্রশাসনিক ও নাগরিক কার্যক্রম পরিচালনায় নতুন মাত্রা যুক্ত হয় এই রূপান্তরের মধ্য দিয়ে। ১৯৯৫ সালে শহীদ হাদিস পার্কের বিপরীতে নির্মিত হয় আধুনিক স্থাপত্যশৈলীর নগর ভবন।

১৮৮৪ সালে মাত্র কয়েকটি মহল্লাকে ঘিরে যে পৌর প্রশাসনের যাত্রা শুরু হয়েছিল, সময়ের পরিক্রমায় তা বিস্তৃত হয়ে আজ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগীয় মহানগরীতে রূপ নিয়েছে। নদীকেন্দ্রিক জনপদ, বাণিজ্য, শিল্পায়ন ও প্রশাসনিক বিকাশের ধারাবাহিকতায় গড়ে ওঠা খুলনা আজও তার ঐতিহাসিক পরিচয় বহন করছে। খুলনা পৌরসভার সেই প্রাচীন প্রশাসনিক ভিত্তিই নগরীর বর্তমান বিকাশ ও নাগরিক ব্যবস্থাপনার অন্যতম ভিত্তি।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর