শিরোনাম
বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি

তিন দিন ধরে পানিতে ডুবে ঘরবাড়ি, খাবার ও বিশুদ্ধ পানির সংকট

তিন দিন ধরে পানিতে ডুবে ঘরবাড়ি, খাবার ও বিশুদ্ধ পানির সংকট

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তিন দিন ধরে জেলার বিভিন্ন এলাকার ঘরবাড়ি পানিতে তলিয়ে থাকায় হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। অনেক পরিবার খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধের সংকটে মানবেতর জীবনযাপন করছে।
শনিবার (১১ জুলাই) রাতভর বৃষ্টিতে নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বান্দরবান-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ তলিয়ে যাওয়ায় সারাদেশের সঙ্গে জেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া পাহাড়ধসে মাটি ও গাছ উপড়ে পড়ায় রুমা, থানচি, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়িসহ অভ্যন্তরীণ উপজেলার যোগাযোগও ব্যাহত হচ্ছে।
গত কয়েক দিনের দুর্যোগে পাহাড়ধসে ৫ জন এবং পানিতে ভেসে গিয়ে এক শিশুসহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে।
বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে জেলার অনেক এলাকায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক সেবা বিঘ্নিত হওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনও প্রায় স্থবির হয়ে পড়েছে।
পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিস উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিওগুলোও কাজ করছে।
বান্দরবান পৌর প্রশাসক এস এম মঞ্জুরুল হক বলেন, বন্যাকবলিত ও আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের মধ্যে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর