দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় ধরে বেহাল অবস্থায় থাকা রংপুরের গুরুত্বপূর্ণ জাহাজ কোম্পানি–সাতমাথা সড়কের সংস্কারকাজ শুরু হয়েছে। প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এ সড়কটির বেহাল দশার কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিলেন রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার হাজারো মানুষ।
রোববার (১২ জুলাই) ফলক উন্মোচনের মাধ্যমে সংস্কারকাজের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, প্রায় ২০ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় ৩ হাজার ৬৮০ মিটার কার্পেটিং সড়ক, ১১০ মিটার আরসিসি সড়ক, ৬০০ মিটার ড্রেন, ২ হাজার ৫০০ মিটার রোড ডিভাইডার, ৮০০ মিটার রোড সেপারেটর এবং ১৩০টি খুঁটিতে ২৬০টি স্মার্ট এলইডি স্ট্রিট লাইট স্থাপন করা হবে। আগামী ৩০ ডিসেম্বর প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি নিয়ে বিভিন্ন সময়ে মানববন্ধন, বিক্ষোভ, সড়কে ধান রোপণ, এমনকি সিটি কর্পোরেশনের ‘গায়েবানা জানাজা’ পর্যন্ত অনুষ্ঠিত হয়।
সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার মানুষ হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন প্রয়োজনে চলাচল করেন। তাই জনগুরুত্বপূর্ণ এ সড়কের কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করা হবে এবং নির্মাণকাজের মানের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।