গ্রামীণ উদ্ভাবনের প্রশংসা

তরুণদের গবেষণায় উৎসাহ দিলেন মন্ত্রী

তরুণদের গবেষণায় উৎসাহ দিলেন মন্ত্রী

তরুণ প্রজন্মকে শুধু খেলাধুলা বা বিনোদনে সীমাবদ্ধ না থেকে উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর কাজে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে স্থানীয় উদ্ভাবক সলেমান আলীর নির্মিত ‘সলেমান সোলার সেচ পাম্প’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, “শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে মেতে থাকলে চলবে না। তরুণদের মেধা ও সৃজনশীলতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। সলেমান আলীর উদ্ভাবিত প্রযুক্তি গ্রামীণ অর্থনীতি ও পরিবেশবান্ধব কৃষির টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ের উদ্ভাবকদের কাছ থেকে নতুন প্রজন্মের অনেক কিছু শেখার রয়েছে। দেশীয় ও সাশ্রয়ী প্রযুক্তিনির্ভর উদ্ভাবনই ভবিষ্যতে দেশের টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হবে। এ ধরনের উদ্যোগে সরকারের নীতিগত ও আর্থিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিশেষজ্ঞদের মতে, সৌরশক্তিচালিত সেচ পাম্পের ব্যবহার কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ দূষণ কমাতে সহায়ক হবে। একই সঙ্গে এ ধরনের উদ্ভাবন স্থানীয় তরুণদের প্রযুক্তি ও গবেষণাভিত্তিক নতুন উদ্যোগ গ্রহণে উৎসাহিত করবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর