যুক্তরাষ্ট্রে চলমান তীব্র দাবদাহের মধ্যে শনিবার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিতের আহ্বান জানিয়েছে ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো (FIFPRO) এবং ক্রীড়া বিজ্ঞানীরা। খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে তারা ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে ম্যাচটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ চলাকালে ফিলাডেলফিয়ায় তাপমাত্রা ৩৭.৭৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা ৪৬.১১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। ফলে এটিকে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে উষ্ণ ম্যাচগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ পর্যন্ত দেশটির পূর্ব ও মধ্যাঞ্চলে তীব্র দাবদাহ অব্যাহত থাকবে।
এর আগে নিউ জার্সিতে সুইডেনের বিপক্ষে ম্যাচ চলাকালে উচ্চ তাপমাত্রার কারণে ফরাসি ফুটবলারদের মাঠে জলকামানের মাধ্যমে শরীর ঠান্ডা করতে দেখা যায়। ফিফা কুলিং ব্রেক বা পানির বিরতির ব্যবস্থা রাখলেও বিশেষজ্ঞদের মতে, এত তীব্র গরমে তা যথেষ্ট নয়।
ফিফপ্রো এবং আমেরিকান কলেজ অব স্পোর্টস মেডিসিনের নির্দেশনায় বলা হয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালেই ম্যাচ স্থগিতের বিষয়টি বিবেচনা করা উচিত।
ডার্টমাউথ কলেজের জীববিজ্ঞানের অধ্যাপক রায়ান ক্যালসবেক বলেন, তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে আর্দ্রতার কারণে মানবদেহ স্বাভাবিকভাবে নিজেকে ঠান্ডা রাখতে পারে না। এতে হিট স্ট্রোকসহ প্রাণঘাতী শারীরিক জটিলতার ঝুঁকি তৈরি হয়।
অন্যদিকে ইউনিভার্সিটি অব কানেকটিকাটের কোরি স্ট্রিংগার ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ডগলাস কাসা বলেন, ফিফার নিয়ম অনুযায়ী ওয়েট-বাল্ব তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে ম্যাচ স্থগিত করা যেতে পারে। তবে তার মতে, এই মাত্রার তাপমাত্রা এতটাই বিপজ্জনক যে মার্কিন সামরিক বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমও তখন সম্পূর্ণ বন্ধ রাখা হয়।
এ অবস্থায় খেলোয়াড়দের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচের সূচি পুনর্বিবেচনার দাবি জোরালো হচ্ছে।