শিরোনাম
এলাকা ত্যাগে নিষেধাজ্ঞা

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বরখাস্ত হওয়া শিক্ষক হলেন কিশোরগঞ্জ উপজেলার কিশামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগের বিভাগীয় উপপরিচালকের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে উপপরিচালক (চলতি দায়িত্ব) আজিজুর রহমান স্বাক্ষর করেন।

অফিস আদেশে উল্লেখ করা হয়, “মাননীয় প্রধানমন্ত্রীর অফিস সময়কে লোক দেখানো শোপিস বললেন প্রধান শিক্ষক” শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর বিষয়টি আমলে নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, শফিকুল ইসলাম বিদ্যালয়ে বিলম্বে উপস্থিত হওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন, যা সরকারি কর্মচারীর আচরণবিধির পরিপন্থী।

আদেশে আরও বলা হয়, তার এ ধরনের কর্মকাণ্ডে প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ধারায় অসদাচরণ হিসেবে গণ্য।

এ পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন সময়ে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তিনি তার বর্তমান কর্মস্থল বা নির্ধারিত অবস্থান ত্যাগ করতে পারবেন না বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর