শিরোনাম

পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের আশঙ্কায় জলঢাকায় ১৪৪ ধারা জারি

পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের আশঙ্কায় জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারীর জলঢাকা উপজেলায় বাস, মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় সম্ভাব্য সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (৩ জুলাই) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জলঢাকা পেট্রোল পাম্প ও বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ আদেশ কার্যকর থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, সংশ্লিষ্ট এলাকায় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৪৪ ধারার আওতায় নির্ধারিত এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা-সমাবেশ, মিছিল, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার এবং আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা বা অন্য কোনো দেশীয় অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্য মোতায়েন করা হয়েছে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, সম্ভাব্য সংঘর্ষ এড়াতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতির ওপর প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি রয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর