সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে সৈয়দপুরে সাংবাদিক একাদশ ও পুলিশ একাদশের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে ৭-১ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে পুলিশ একাদশ।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে সৈয়দপুর স্টেডিয়াম মাঠে স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি, সৈয়দপুরের আয়োজনে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও পুরো ম্যাচে আধিপত্য ধরে রাখে পুলিশ একাদশ। ধারাবাহিক আক্রমণে একের পর এক গোল করে তারা। সাংবাদিক একাদশ একটি গোল পরিশোধ করলেও শেষ পর্যন্ত ৭-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে পুলিশ একাদশ।
ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর ডা. আমির আলি আজাদ। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওহিদুর নবী।
এ সময় সিনিয়র সাংবাদিক, পুলিশ বিভাগের কর্মকর্তা ও সদস্য, ক্রীড়া সংগঠক এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত থেকে ম্যাচ উপভোগ করেন।
আয়োজক স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি জানায়, সাংবাদিক ও পুলিশের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, পেশাগত সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
খেলা শেষে উভয় দলের খেলোয়াড় ও অতিথিরা শুভেচ্ছা বিনিময় করেন। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।