শিরোনাম

তেহরানে গালিবাফের সঙ্গে হাফিজ উদ্দিনের বৈঠক, খামেনি হত্যার নিন্দা

তেহরানে গালিবাফের সঙ্গে হাফিজ উদ্দিনের বৈঠক, খামেনি হত্যার নিন্দা

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন। শুক্রবার ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত এ বৈঠকে তিনি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানায়।

আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফন উপলক্ষে আয়োজিত কর্মসূচির ফাঁকে অনুষ্ঠিত বৈঠকে গালিবাফ বাংলাদেশ প্রতিনিধিদলকে স্বাগত জানান।

বৈঠকে হাফিজ উদ্দিন বলেন, জাতীয় শোকের এ সময়ে বাংলাদেশের সরকার ও জনগণ ইরানের সরকার ও জনগণের পাশে রয়েছে। তিনি বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের পারস্পরিক যোগাযোগের বিষয়টি তুলে ধরেন।

স্পিকার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরে গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, এ চুক্তি ইরানসহ পুরো অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সহায়ক হবে। পাশাপাশি চলমান শান্তিপ্রক্রিয়ার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি সংলাপ ও কূটনীতির মাধ্যমে সব অমীমাংসিত বিষয় সমাধানের আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশের স্পিকার সুবিধাজনক সময়ে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফন অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে গত বৃহস্পতিবার তেহরানে পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। তার আগামীকাল শনিবার দেশে ফেরার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর