শিরোনাম

এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন

এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন শুক্রবার (৫ জুন) ময়মনসিংহ নগরীর সরকারি শিশু সদন (বালক) পরিদর্শন করেছেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির আবাসন ব্যবস্থা, শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যসেবা, খাদ্যের মান এবং শিশুদের সার্বিক কল্যাণমূলক কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনকালে মন্ত্রী এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের লেখাপড়া, খেলাধুলা ও বিনোদনের সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। শিশুদের ভবিষ্যৎ গঠনে অধ্যবসায় ও সুশিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী, স্থানীয় জনপ্রতিনিধি এবং শিশু সদনের কর্মকর্তা-কর্মচারীরা।

পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, “সরকার এতিম, পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা, শিক্ষা ও মানবিক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সরকারি শিশু সদনগুলোকে আধুনিক, নিরাপদ ও শিশুবান্ধব পরিবেশে রূপান্তরের লক্ষ্যে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।”

তিনি শিশুদের প্রতি আরও আন্তরিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। পরে শিশুদের সঙ্গে কিছু সময় কাটিয়ে তাদের মাঝে মিষ্টি ও ফল বিতরণ করেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর