নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসানের সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ, সংরক্ষিত মহিলা সদস্যের প্রতিনিধি দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান আবু সায়েম এবং কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ প্রতিনিধি আবু হাসান শেখ।
কর্মশালার আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটস-এর জিআইএস অ্যানালিস্ট মাহফুজুর রহমান। তিনি বলেন, কিশোরগঞ্জ উপজেলার সঙ্গে পার্শ্ববর্তী উপজেলার সংযোগ সড়কগুলো চিহ্নিত করে উন্নয়নের জন্য অগ্রাধিকার নির্ধারণ করা হবে। কর্মশালার সুপারিশের ভিত্তিতে প্রস্তাবনা তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।
তিনি আরও জানান, সড়ক উন্নয়নের ক্ষেত্রে ভৌগোলিক তথ্যব্যবস্থা (জিআইএস) ব্যবহার করে একটি কার্যকর ও টেকসই গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ কর্মশালায় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর কর্মকর্তাবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশ নেন।
উল্লেখ্য, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং আরসিআইপি’র উদ্যোগে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।