শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের নিলামপট্টি–সাহাপাড়া সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা, ভাঙাচোরা রাস্তা ও দুর্ভোগের স্থায়ী সমাধান না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সকালে নিলামপট্টি–সাহাপাড়া মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা অভিযোগ করেন, সামান্য বৃষ্টিতেই সড়কটি হাঁটুসমান পানিতে তলিয়ে যায়, ফলে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয়রা জানান, গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত থাকলেও কার্যকর কোনো সংস্কার বা ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে তারা উল্লেখ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শুধু সড়ক সংস্কার নয়, স্থায়ী জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে, অন্যথায় উন্নয়ন কাজ টেকসই হবে না।
পরে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এ বিষয়ে ইউএনও জানান, সড়ক উন্নয়নের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং অনুমোদন মিললে দ্রুত কাজ শুরু করা হবে।