শিরোনাম

ভালুকায় উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল, গুণগত মান নিয়ে প্রশ্ন

ভালুকায় উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল, গুণগত মান নিয়ে প্রশ্ন

ময়মনসিংহের ভালুকা উপজেলার বহুল প্রত্যাশিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নির্মাণমান নিয়ে প্রশ্ন তুলে দ্রুত কারিগরি তদন্ত ও সংস্কারের দাবি জানিয়েছেন মুসল্লি ও এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, ভবনের দেয়াল, প্লাস্টার ও বিভিন্ন অংশে ছোট-বড় ফাটলের চিহ্ন রয়েছে। স্থানীয়দের অভিযোগ, উদ্বোধনের আগেই এ ধরনের ত্রুটি প্রকল্পটির গুণগত মান নিয়ে সন্দেহ সৃষ্টি করেছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মসজিদটি হস্তান্তরের আগে ত্রুটি যাচাইয়ের জন্য সাত সদস্যবিশিষ্ট একটি প্রাক-যাচাই কমিটি গঠন করা হয়েছে।

যাচাই কমিটির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান অভিযোগ করে বলেন, নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং বিভিন্ন সরঞ্জাম সরবরাহেও অনিয়ম রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান বা প্রকল্প সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, পরিদর্শনে গিয়ে কিছু স্থানে ফাটলসহ ত্রুটি পাওয়া গেছে এবং ঠিকাদারকে তা মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। সংশোধনের পর পুনরায় যাচাই করে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন জানান, ত্রুটিযুক্ত অবস্থায় মসজিদটি গ্রহণ করা হয়নি এবং বিষয়টি যাচাইয়ের জন্য কমিটি গঠন করা হয়েছে।

প্রায় ১৩ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ তিনতলা মডেল মসজিদে নারী-পুরুষের পৃথক নামাজের ব্যবস্থা, ইসলামিক ফাউন্ডেশন অফিস, প্রশিক্ষণ কেন্দ্র, লাইব্রেরি ও গণশিক্ষা কার্যক্রমের সুবিধা রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর