জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে গোসল করতে নেমে রাফি (২২) নামে ঢাকা সেন্ট্রাল কলেজের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফি সরকারি আশেক মাহমুদ কলেজের ইমাম মুক্তি মিয়ার ছেলে এবং ঢাকা সেন্ট্রাল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে গোসল করতে যান রাফি। একপর্যায়ে পানিতে নামার পর তিনি ডুবে যান। পরে বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে পুকুরে ব্যাপক তল্লাশি চালায়।
সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান বিবেক জানান, বৃষ্টির পর কয়েকজন শিক্ষার্থী পুকুরে গোসল করতে নামেন। রাফিও বন্ধুদের সঙ্গে সেখানে ছিলেন। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করা হয়। পুকুরপাড়ে তার চশমা পড়ে থাকতে দেখা যায়। পরে সাঁতার জানা শিক্ষার্থীরা পানিতে নেমে অনুসন্ধান চালিয়ে তাকে উদ্ধার করেন।
তিনি আরও জানান, উদ্ধার করে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, রাফি সাঁতার জানতেন না। এ কারণেই তিনি পানিতে ডুবে যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডা. আরিফুল ইসলাম বলেন, “ডুবে যাওয়ার পর রাফিকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।”
রাফির অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।