দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমেছে সোনার দাম। এবার ২২ ক্যারেটের, অর্থাৎ সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। একই সঙ্গে কমেছে রুপার দামও।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বিশ্ববাজারে খাঁটি (তেজাবি) সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারে এ মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
এর আগে সোমবারও সোনার দাম কমানো হয়েছিল। ফলে দুই দিনে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম মোট কমেছে ৬ হাজার ৫৯০ টাকা।
অন্যদিকে রুপার দামও কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৪৯০ টাকায়।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইনভেদে মজুরি যুক্ত হবে।
সংগঠনটি আরও জানায়, নির্ধারিত মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সোনার গয়নার ভ্যাট কাঠামো পরিবর্তন করে প্রতি ভরিতে নির্দিষ্ট ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে। আগে ভ্যাট ছিল মোট মূল্যের ৫ শতাংশ।
এ ছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার বিনিময় ও ক্রয়ের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। রুপার অলংকারের ভ্যাট বিষয়ে শিগগিরই পৃথক সিদ্ধান্ত জানানো হবে।