রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) রাত পৌনে ৮টায় তাকে বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের চিফ হুইফ নুরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদের সদস্য এবং দলের শীর্ষ নেতারা।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেশে ফেরেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্যরা। এর আগে বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল সোয়া ৫টায় তারা ঢাকার উদ্দেশে রওনা হন।
গত ২১ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফরে মালয়েশিয়া যান। দেশটির বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর ২২ জুন কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা দেন।
চীন সফরকালে তিনি দেশটির প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় কর্মসূচিতে অংশ নেন। সফরের শেষ দিনে শুক্রবার সকালে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।