‘পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন, পাটের পণ্য কিনে হই ধন্য’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে পাট ব্যবসায়ী, কৃষক ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাট অধিদপ্তর ও জেলা প্রশাসন, নীলফামারীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সভাপতিত্ব ও সঞ্চালনা করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ (পিপিএম) এবং সহকারী কমিশনার (সাধারণ শাখা) সাদমান সাকিব খান।
এছাড়া বক্তব্য দেন পাটচাষি অলিয়ার রহমান (জলঢাকা), পাট ব্যবসায়ী খুরশিদ আলম, পুষ্প হস্তশিল্প সৈয়দপুরের উদ্যোক্তা ফরিদা ইয়াসমিন এবং আজিজুল হক অটো রাইস মিলের প্রতিনিধি রেজাউল হক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, একসময় পাটকে ‘সোনালি আঁশ’ বলা হতো। কিন্তু প্লাস্টিকের ব্যাপক ব্যবহারের কারণে পাটশিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। পাটের সেই ঐতিহ্য ও সম্ভাবনা ফিরিয়ে আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তবেই এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ সফল হবে।
সভায় জেলার ছয় উপজেলার পাটচাষি, স্টেকহোল্ডার, মিল মালিক, জনপ্রতিনিধি ও উদ্যোক্তাসহ প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন।