শিরোনাম

কীর্তনখোলায় বিলাসবহুল পর্যটন নৌ-তরী ‘কুইন অব উলানিয়া’র উদ্বোধন

কীর্তনখোলায় বিলাসবহুল পর্যটন নৌ-তরী ‘কুইন অব উলানিয়া’র উদ্বোধন

বরিশালের নদীকেন্দ্রিক পর্যটনের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে প্রথমবারের মতো ঐতিহ্যবাহী কাঠের তৈরি বিলাসবহুল নৌ-তরী ‘কুইন অব উলানিয়া’ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে কীর্তনখোলা নদীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এসএম জিয়াউদ্দিন হায়দার নৌ-তরীতে ভ্রমণের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সরকার পর্যটন শিল্পকে জনপ্রিয় করতে ‘একটি গ্রাম একটি পণ্য’ ধারণার আদলে ‘সাংস্কৃতিক গ্রাম’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে বরিশাল ও ঝালকাঠির মৃৎশিল্প এবং পাটিশিল্পকে ঘিরে একটি পরিকল্পনা ইতোমধ্যে এডিবিতে জমা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঝালকাঠির ভাসমান পেয়ারা বাগান এবং বরিশাল-ভোলার নদীনির্ভর পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বেসরকারি উদ্যোগে নির্মিত পর্যটন নৌ-তরী ‘কুইন অব উলানিয়া’ সেই সম্ভাবনাকে আরও এগিয়ে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং এ খাতে আরও বিনিয়োগের আহ্বান জানান।
নৌ-তরীর স্বত্বাধিকারী সৈয়দ রাজিউর রহমান চৌধুরী জানান, ২০২৫ সালের ২৭ জুন কুষ্টিয়া থেকে ঐতিহ্যবাহী কাঠের নৌকাটি সংগ্রহ করা হয়। পরে সংস্কার শেষে ২০২৬ সালের ১৪ এপ্রিল এটি চলাচলের উপযোগী করা হয়।
তিনি বলেন, নৌ-তরীর প্রায় সবকিছুই কাঠ ও বাঁশ দিয়ে নির্মিত, যা দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতিফলন। এটি শুধু পর্যটনের জন্য নয়, দুর্গম চরাঞ্চলে চিকিৎসা ক্যাম্প, চক্ষু চিকিৎসা ও কিডনি স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার জন্যও ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, সরকারের বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনায়ও এ ধরনের নৌ-তরী কার্যকর ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠান শেষে সরকারের উচ্চপর্যায়ের অতিথিদের নিয়ে ‘কুইন অব উলানিয়া’ কীর্তনখোলা নদীতে একটি প্রমোদভ্রমণ করে পুনরায় বরিশাল নদীবন্দরে ফিরে আসে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর