জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য কোনো ধরনের পৌরকর বৃদ্ধি ছাড়াই ৫১ কোটি ১২ লাখ ৮৭ হাজার ৭৫৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ১১ লাখ ৩৬ হাজার ৫৫২ টাকা। এতে উদ্বৃত্ত থাকবে ২ কোটি ১ লাখ ৫১ হাজার ২০৪ টাকা।
সোমবার (২৯ জুন) পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পৌর প্রশাসক মৌসুমী খানম বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন। এর আগে ২৪ জুন প্রশাসকের সহায়তা কমিটির বিশেষ সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।
বাজেট অনুযায়ী, রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২১ কোটি ১২ লাখ ৩৫ হাজার ৫৪৫ টাকা এবং ব্যয় ১৯ কোটি ২০ লাখ ২৭ হাজার টাকা। পানি সরবরাহ শাখায় আয় ৫১ লাখ ৯২ হাজার ৬০৯ টাকা এবং ব্যয় ৫০ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা।
উন্নয়ন প্রকল্প ও এডিপি খাতে চলমান চারটি প্রকল্প এবং সরকারি উন্নয়ন সহায়তা মিলিয়ে আয় ধরা হয়েছে ২৯ কোটি ৪৮ লাখ ৫৯ হাজার ৫৯৯ টাকা এবং ব্যয় ২৯ কোটি ৪০ লাখ ৩৫ হাজার ৫২ টাকা।
এছাড়া স্থানীয় সরকার কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্প (LGCRRP) খাতে আয় ধরা হয়েছে ৫ কোটি ৭৯ লাখ ২৪ হাজার ৬০৭ টাকা এবং ব্যয় ৫ কোটি ৭৯ লাখ ১ হাজার ৬০৮ টাকা। কুয়েতের অর্থায়নে নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৭ কোটি ৬৩ লাখ টাকা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা তহবিলে ১ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে পৌর প্রশাসক মৌসুমী খানম বলেন, প্রায় ৫৩ দশমিক ২৮ বর্গকিলোমিটার আয়তনের দেশের দ্বিতীয় বৃহত্তম এই পৌরসভায় বর্তমানে প্রায় দুই লাখ মানুষের বসবাস। নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, মশক নিয়ন্ত্রণ, সড়কবাতি স্থাপন, বৃক্ষরোপণ এবং টেকসই অবকাঠামো উন্নয়নকে এবারের বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘পৌরসভার রাজস্ব তহবিল ব্যবহার নির্দেশিকা-২০২৫ অনুসরণ করে এবং শহর সমন্বয় কমিটির সঙ্গে আলোচনা করে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। সময়মতো অর্থ বরাদ্দ পাওয়া গেলে পরিকল্পিত উন্নয়নের সুফল পৌরবাসীর দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।’
সংবাদ সম্মেলনে পৌর নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক, সহকারী প্রকৌশলী সুহেল মিয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, হিসাবরক্ষক মো. শরীফ উদ্দিন সোহাগ, প্রশাসকের সহায়তা কমিটির সদস্য এবং পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।