সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি>
নীলফামারীতে পৃথক দুটি দুর্ঘটনায় ট্রেনের ধাক্কায় এক ট্রলি চালক এবং যাত্রীবাহী বাস উল্টে মোটরসাইকেলের ওপর পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) জেলার সৈয়দপুর ও ডোমার উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর পশ্চিমপাড়া গেটবিহীন রেলক্রসিংয়ে পার্বতীপুর থেকে সৈয়দপুরগামী একটি খালি রেলইঞ্জিনের ধাক্কায় ইটবোঝাই একটি ট্রলি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রলিচালকের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলিটি পশ্চিমদিকে যাওয়ার সময় দ্রুতগতির খালি রেলইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রলিটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, ঘটনাস্থল থেকে ট্রলি ও নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
অপরদিকে, ডোমার উপজেলার ধরণীগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে একটি মোটরসাইকেলের ওপর পড়ে। এতে মোটরসাইকেল আরোহী রাসেল বসুনিয়া ঘটনাস্থলেই নিহত হন। তিনি চিলাহাটি এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি নিষিদ্ধ ঘোষিত যুবলীগের স্থানীয় সভাপতি ছিলেন।
এ দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, দুর্ঘটনার পর প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।