নরসিংদী সদর উপজেলার বৌয়াকুড় এমপি মার্কেট এলাকায় মাছের পাইকারী আড়তে অভিযান চালিয়ে চিংড়ি মাছে অবৈধভাবে জেলী মেশানোর দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (১৮ মে) সকাল ৬টার দিকে পরিচালিত এ অভিযানে প্রায় ১২৩ কেজি জেলীযুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়। পরে জনসম্মুখে মাছগুলো বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে অভিযুক্ত ব্যবসায়ীকে মৎস ও মৎসপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর ৩১(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে প্রসিকিউশন প্রদান ও সার্বিক সহযোগিতা করেন সদর উপজেলা মৎস্য অফিসার।
সংশ্লিষ্টরা জানান, গত ১৩ মে সদর উপজেলার বড়বাজার এলাকায় একই আইনে যে ক্ষুদ্র ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছিল, তিনি এই পাইকারী ব্যবসায়ীর কাছ থেকেই মাছ সংগ্রহ করেছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান।