স্কুলের পরীক্ষা দিতে বাবার সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিল ১৩ বছর বয়সী কুশল সরদার। পরিকল্পনা ছিল ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে নিজ কর্মস্থলে যাবেন বাবা। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল জীবনের শেষ পথ। সাতক্ষীরার তালা উপজেলার শাহাপুর বাজার এলাকায় দ্রুতগতির একটি বাসের চাপায় নিহত হয়েছে সপ্তম শ্রেণির শিক্ষার্থী কুশল সরদার। গুরুতর আহত হয়েছেন তার বাবা, শিক্ষক কানাই লাল সরদার।
বুধবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত কুশল তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে নলতা গ্রামের বাসিন্দা এবং রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কানাই লাল সরদারের বড় ছেলে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকালে মোটরসাইকেলে করে বাবা-ছেলে স্কুলের উদ্দেশে রওনা হন। শাহাপুর বাজার এলাকায় পৌঁছালে পাইকগাছা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস (রেজি. নং খুলনা জ-০৫-০০৪৯) পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে কুশল বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হন তার বাবা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত কানাই লাল সরদারকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
তালা থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
খলিলনগর ইউনিয়ন পরিষদের সদস্য জিয়াউর রহমান জানান, কানাই লাল সরদার এলাকায় একজন সজ্জন ও সম্মানিত শিক্ষক হিসেবে পরিচিত। তার স্ত্রী মৌমিতা সরদারও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। দুই সন্তানের মধ্যে কুশল ছিল বড়। মেধাবী ও ভদ্র স্বভাবের এই শিক্ষার্থীকে ঘিরে পরিবারের অনেক স্বপ্ন ছিল।
তিনি বলেন, বুধবার কুশলের স্কুলে পরীক্ষা ছিল। ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে নিজ কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যেই বের হয়েছিলেন কানাই লাল সরদার। কিন্তু পথেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। আহত অবস্থাতেও তিনি বারবার ছেলের নাম ধরে আহাজারি করেন, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে।
কুশলের মৃত্যুতে পরিবার, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে। যে শিশু সকালে পরীক্ষা দিতে বের হয়েছিল, সে আর কোনো দিন স্কুলে ফিরবে না—এই নির্মম বাস্তবতা মেনে নিতে পারছেন না কেউই।
স্থানীয়রা সড়কে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ, কঠোর নজরদারি এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।