নোয়াখালী প্রতিনিধি> নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১১৮ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৪৫০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেল ৪টায় বসুরহাট পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক মো. মাসুদুর রহমান আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে উন্নত অবকাঠামো নির্মাণ, নাগরিক সেবার মানোন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ সুপেয় পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং বিভিন্ন জনকল্যাণমূলক উন্নয়ন প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম এবং কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুরুল হাকিম। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বাজেট ঘোষণা শেষে পৌর প্রশাসক মো. মাসুদুর রহমান বলেন, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে বসুরহাট পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও নাগরিকবান্ধব পৌরসভায় রূপান্তরের কার্যক্রম আরও গতিশীল হবে। নাগরিকদের মৌলিক সেবার মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করবে।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাজেট বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্য অর্জনে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজ ও সর্বস্তরের নাগরিকের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা ঘোষিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন এবং বসুরহাট পৌরসভার সার্বিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।