শিরোনাম

একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প

একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প
বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর সভা। ছবি: পিএমও

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় বহুল আলোচিত ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন হতে যাওয়া এই প্রকল্পকে দেশের অন্যতম বৃহৎ পানি ব্যবস্থাপনা উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (১৩ মে) রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।

সরকারি সূত্র জানায়, ফরিদপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী অঞ্চলের নদীপথ, কৃষি উৎপাদন ও পরিবেশ রক্ষায় ১৯৬০-এর দশক থেকেই পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি ছিল। বিশেষ করে ১৯৭৫ সালে ভারতের ফারাক্কা বাঁধ চালুর পর পদ্মা নদীর পানিপ্রবাহ কমে যাওয়ায় বিষয়টি আরও গুরুত্ব পায়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, সম্পূর্ণ সরকারি অর্থায়নে পাঁচ বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের ২৪ জেলার প্রায় সাত কোটি মানুষ সরাসরি উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

ভারতের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “পদ্মা ব্যারেজ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।” তবে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে দুই দেশের সংশ্লিষ্ট কমিশন কাজ করছে বলেও জানান তিনি।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী বাজেট ঘোষণার পরই পদ্মা ব্যারেজ প্রকল্পের বাস্তব কাজ শুরু হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর