সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বাউস্ট) ভূমিকম্প ঝুঁকি ও মিটিগেশন বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে “আর্থকোয়েক রিস্ক সিনারিও: বাংলাদেশ প্রসপেক্টিভ, বিএনবিসি-২০২০ অ্যান্ড মিটিগেশন মেজার্স” শীর্ষক এ সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ডিন ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মো. মাহমুদুল হাসান।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক তাহমিদ মালিক আল-হোসাইনী। তিনি নেপাল, তুরস্ক, সিরিয়া ও জাপানের ভয়াবহ ভূমিকম্পের উদাহরণ তুলে ধরে বাংলাদেশের সম্ভাব্য ঝুঁকি ও প্রস্তুতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি মোবারক হোসেন মজুমদার বলেন, বাংলাদেশ এখন ভূমিকম্প ঝুঁকিপূর্ণ দেশ, তাই এ বিষয়ে সচেতনতা ও প্রস্তুতি আরও জোরদার করতে হবে।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ট্রেজারার, কন্ট্রোলার অব এক্সামিনেশনসহ শিক্ষক-শিক্ষার্থী ও শতাধিক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অংশ নেন।
এর আগে ক্যাম্পাসে ভূমিকম্প পর্যবেক্ষণ ডিভাইস “লকস্ট অ্যাক্সিলেরোমিটার” স্থাপন করা হয়, যা দেশের নির্দিষ্ট কিছু এলাকায় ব্যবহৃত আধুনিক ভূমিকম্প পর্যবেক্ষণ প্রযুক্তির অংশ বলে জানা গেছে।