মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ঘনীভূত হওয়ার প্রেক্ষাপটে ইসরায়েলি সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের কোনো সামরিক অভিযানে অংশ নেওয়ার প্রস্তুতিও নিচ্ছে তেলআবিব।
ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’ এক নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, ওয়াশিংটন যদি ইরানে হামলা চালায়, তাহলে তাতে যুক্ত হয়ে ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করতে পারে ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়, রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে দীর্ঘ ফোনালাপের পর পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে ওঠে। ওই আলোচনায় সম্ভাব্য নতুন সামরিক সংঘাত নিয়েও কথা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
অন্য একটি চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইস্যুতে নতুন করে সামরিক প্রস্তুতির অংশ হিসেবেই এই কূটনৈতিক যোগাযোগ হয়েছে এবং ইসরায়েলি বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
সূত্রগুলো আরও জানায়, সম্ভাব্য হামলার আগে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আগাম তথ্য দেবে বলে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কবে নেওয়া হবে, তা এখনো অনিশ্চিত।
এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আলোচনা রয়েছে, ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে না গিয়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের জন্য ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে চীনসহ কয়েকটি পক্ষ।