রাষ্ট্রীয় ব্যয় নিয়ন্ত্রণে নীতিগত কঠোরতা আরোপ করে বিদেশ সফরে সরকারি কর্মকর্তাদের জন্য ভ্রমণ সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়-এর অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, বর্তমান আর্থিক প্রেক্ষাপট বিবেচনায় ব্যয় সংকোচনের অংশ হিসেবে অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের জন্য বিজনেস বা সমমানের শ্রেণিতে ভ্রমণের সুযোগ স্থগিত করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, সরকার, স্বায়ত্তশাসিত, স্ব-শাসিত, সংবিধিবদ্ধ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আকাশপথে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে সুলভ শ্রেণি (ইকোনমি ক্লাস) ব্যবহার করতে হবে। পূর্বে জারিকৃত ভ্রমণ ভাতা ও সুবিধা সংক্রান্ত নীতিমালার প্রাসঙ্গিক বিধান এই আদেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে স্পষ্ট করা হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিধান কার্যকর থাকবে এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে তা প্রতিপালনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।