দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়ে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের (ওএইচসিএইচআর) জুলাই-আগস্ট গণআন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে প্রকাশিত তথ্যের নির্ভুলতা প্রশ্নবিদ্ধ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে পাঠানো এক আইনি চিঠিতে দাবি করা হয়েছে, জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখিত নিহতের সংখ্যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং তা সরকারি ও অন্যান্য উৎসের পরিসংখ্যানের সঙ্গে উল্লেখযোগ্যভাবে অসামঞ্জস্যপূর্ণ।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার আইনজীবী দল জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের কাছে পাঠানো চিঠিতে ফ্যাক্ট-ফাইন্ডিং রিপোর্টের তথ্য পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। চিঠিতে অভিযোগ করা হয়েছে, নিহতের সংখ্যা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করে একটি নির্দিষ্ট রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে।
এদিকে চিঠিতে তদন্ত প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তবে জাতিসংঘের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। বিষয়টি ঘিরে আন্তর্জাতিক পরিসরেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।