সীমান্তে অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে পঞ্চগড়ের সীমান্তবর্তী গ্রামগুলোতে স্বতঃস্ফূর্তভাবে রাতভর পাহারায় নেমেছেন স্থানীয় বাসিন্দারা। হাতে টর্চ, লাঠি ও বাঁশি নিয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা সীমান্ত এলাকায় নজরদারি করছেন। সন্দেহজনক কাউকে দেখলেই সঙ্গে সঙ্গে বিজিবিকে খবর দেওয়া হচ্ছে।
সম্প্রতি বড়বাড়ি সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টার ঘটনায় স্থানীয়দের সতর্কতা আরও বেড়েছে। বিজিবির সচেতনতামূলক প্রচারণা, মাইকিং ও উঠান বৈঠকের ফলে সীমান্তবাসীর অংশগ্রহণও বৃদ্ধি পেয়েছে।
স্থানীয়রা জানান, দেশের স্বার্থে তারা দিন-রাত সীমান্ত পাহারা দিচ্ছেন। বিজিবির দেওয়া বাঁশির সংকেতের মাধ্যমে দ্রুত সবাইকে সতর্ক করা হয়। বিজিবির কর্মকর্তারা বলেছেন, সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং যৌথভাবে নজরদারি আরও জোরদার করা হয়েছে।