শিরোনাম
আতঙ্কে পরিবার

শিরোনাম: শিবপুরে প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

শিরোনাম: শিবপুরে প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলার সাধারচর ইউনিয়নের সৈয়দেরখোলা ঈদগাঁহ সংলগ্ন জালাল উদ্দীনের বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর চালায় এবং স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সৌদি প্রবাসী মাসুমের বাবা জালাল উদ্দীন বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন সৈয়দেরখোলা গ্রামের শাজাহান মিয়ার ছেলে তারেক (৩০), ছালাম মিয়ার ছেলে ইউসুফ মিয়া (৩৫) এবং পলাশ উপজেলার সেকান্দরদী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে সিয়াম (২৫)। এছাড়া আরও ১৫-১৬ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে তারেকের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল জোরপূর্বক বসতঘরের টিনের বেড়া খুলে হামলা চালায়। তারা ঘরের দরজা-জানালাসহ বিভিন্ন মালামাল ধারালো অস্ত্র দিয়ে ক্ষতিগ্রস্ত করে এবং মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। পরিবারের দাবি, অভিযুক্ত তারেক একাধিক মামলার আসামি হওয়ায় তার ভয়ে এলাকার কেউ প্রতিবাদ করতে সাহস পায় না।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত তারেকের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা শিবপুর থানার এসআই মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, “হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর