পঞ্চগড়ের আটোয়ারীতে নানা বাড়ি বেড়াতে এসে নাগর নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রোহান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রোহান উপজেলার তোড়িয়া ইউনিয়নের সুখাতি গ্রামের রমজান আলীর ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার মায়ের সঙ্গে বালাপাড়া গ্রামে নানা বাড়িতে বেড়াতে যায় রোহান। বৃহস্পতিবার সকালে নানা বাড়ির এলাকার কয়েকজন শিশুর সঙ্গে নাগর নদীতে গোসল করতে যায় সে। একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে ডুবে যায় রোহান।
বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দ্রুত নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।