শিরোনাম

তিন প্রজন্মের ‘ক্রাশ’ পূর্ণিমা, নতুন লুকে মুগ্ধ ভক্তরা

তিন প্রজন্মের ‘ক্রাশ’ পূর্ণিমা, নতুন লুকে মুগ্ধ ভক্তরা

অভিনয়ে নিয়মিত দেখা না গেলেও সৌন্দর্য ও ব্যক্তিত্বের গুণে ভক্তদের হৃদয়ে এখনো জায়গা ধরে রেখেছেন ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। এবার গাঢ় গোলাপি রঙের কারুকাজ করা সালোয়ার-কামিজে নতুন লুকে হাজির হয়ে সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রায় এক ডজন ছবি প্রকাশ করেন পূর্ণিমা। ছবিগুলো প্রকাশের পরপরই তা ভক্ত-অনুরাগীদের নজর কাড়ে এবং নেটদুনিয়ায় বেশ সাড়া ফেলে।

তার পরনে থাকা পোশাকটিতে সোনালি ও রুপালি সুতার সূক্ষ্ম সূচিকর্ম, ফুলেল নকশা ও পুঁতির কারুকাজ ফুটিয়ে তুলেছে আভিজাত্যের ছোঁয়া। সাজেও ছিল পরিমিত ও মার্জিত আবহ। খোলা ঢেউখেলানো বাদামি চুল, হালকা ব্লাশ, পরিপাটি চোখের সাজ ও গোলাপি লিপস্টিকে স্নিগ্ধ রূপে ধরা দেন তিনি।

কানে ঝুলন্ত মুক্তার দুল ও আঙুলের আংটিতে পূর্ণতা পেয়েছে তার পুরো সাজ। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘একটুখানি মাধুর্য, আর অনেকখানি আভিজাত্য’।

তার নতুন লুক দেখে প্রশংসায় মেতেছেন অনুসারীরা। প্রতিবেদনটি লেখা পর্যন্ত পোস্টটিতে ৩০ হাজারের বেশি রিয়েকশন ও দেড় হাজারেরও বেশি মন্তব্য জমা পড়েছে।

মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসার পাশাপাশি উঠে এসেছে নানা মজার মন্তব্য। কেউ লিখেছেন, ‘ছোট থেকে দেখতে দেখতে আমরাই বুড়ো হয়ে গেলাম, কিন্তু পূর্ণিমা আপু আরও সুন্দর হচ্ছেন।’ আবার কারও কাছে তিনি এখনো সেই ছোটবেলার ‘ক্রাশ’।

শামীম সামি নামের এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আমার আম্মার কালের নায়িকা, এখনো ওই রকম আছে পূর্ণিমা। আমার আম্মা বুড়া হয়ে গেছে।’

তবে প্রজন্মের পর প্রজন্ম ধরে পূর্ণিমার জনপ্রিয়তার বিষয়টি উঠে এসেছে মো. সম্রাট নামের এক ব্যবহারকারীর মন্তব্যে। তিনি লিখেছেন, ‘এক সময় আমার দাদার ক্রাশ ছিল। তারপর আমার বাপের ক্রাশ ছিল। এখন আমার ক্রাশ।’

দীর্ঘদিন ধরেই অভিনয়ে অনিয়মিত পূর্ণিমা। মাঝেমধ্যে বিশেষ কিছু কাজ নিয়ে পর্দায় হাজির হলেও বর্তমানে বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের প্রচারণামূলক কর্মকাণ্ডে বেশি সক্রিয় রয়েছেন তিনি। পর্দায় তাকে সর্বশেষ দেখা গেছে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’-এ।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর