পুষ্টিগতভাবে শক্তিশালী প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করার উদ্যোগ নিচ্ছে সরকার। উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য, গবেষণা ও আধুনিক খামার ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতের উৎপাদনশীলতা বাড়ানোর সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাত কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করা, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা সৃষ্টি ও গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতে অবদান রাখছে। এ খাতে উৎপাদন ও রপ্তানি সম্প্রসারণেরও সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম (হ্যাচিং এগ) রপ্তানি শুরু করেছে।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ২৬ থেকে ২৮ নভেম্বর দেশব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হচ্ছে। রাজধানীতে আয়োজিত তিন দিনব্যাপী মেলায় ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করা হয়।