শিরোনাম

এমপির বাড়িতে আগুন পেট্রোল বোমায় নয়, শর্টসার্কিট হতে পারে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

এমপির বাড়িতে আগুন পেট্রোল বোমায় নয়, শর্টসার্কিট হতে পারে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিষয়টি উত্থাপন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার পরও কি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি বলা যাবে?

নাহিদের বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী আগুনের ঘটনার তদন্তের তথ্য তুলে ধরেন। তিনি জানান, ঘটনাস্থলে পেট্রোল বোমা বা বিস্ফোরক ব্যবহারের সুনির্দিষ্ট আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগে। এতে টিনশেড বাড়িটির পাঁচটি কক্ষ পুড়ে যায় এবং দুটি ছাগল মারা যায়।

ঘটনার পর নুসরাত তাবাসসুম দাবি করেন, তাঁর বাড়িতে পরপর চারটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। তবে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পেট্রোল বোমা বা বিস্ফোরকের কোনো আলামত পাওয়ার কথা জানায়নি।

এদিকে, বিরোধীদলীয় চিফ হুইপের বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ঘটনাটিকে গুরুতর উল্লেখ করে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত তদন্তের প্রতিবেদন পাওয়ার পরই জানা যাবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর