পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা, প্রাকৃতিক পানির উৎস সংরক্ষণ ও পর্যটন বিকাশে সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু এমপি।
বুধবার রাতে রাঙামাটি জেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ গুরুত্বারোপ করেন।
মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের নদী, নালা, খাল, বিল ও ঝিরি সচল রাখা জরুরি। পানির উৎস সংরক্ষণ, ঝিরি পুনরুদ্ধার এবং কাপ্তাই লেকের বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে মাস্টারপ্ল্যান প্রণয়ন করা প্রয়োজন।
পর্যটন বিকাশে খাগড়াছড়ির আলুটিলা ও সাজেক থেকে রাঙামাটি, বান্দরবান হয়ে কক্সবাজার পর্যন্ত সমন্বিত পর্যটন রুট গড়ে তোলার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ উদ্যোগ পর্যটন, কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতির বিকাশে ভূমিকা রাখবে।
পাহাড়ে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার বিষয়ে মন্ত্রী বলেন, সবাই শান্তি চায়। গত ৫০ বছরে পাহাড়ে নানা ঘটনা ঘটেছে। সবকিছু বিবেচনায় নিয়েই সামনে এগোতে হবে। পাহাড়ি জনগোষ্ঠীর চেতনা, বিশ্বাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান জানিয়ে তাদের স্বকীয়তা বজায় রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্ব দেন তিনি।
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে সভায় সংসদ সদস্য দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহম্মদ, জেলা পরিষদের মুখ্য নির্বাহী খোন্দকার রেজাউল করিমসহ পরিষদের সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।