শিরোনাম

‘মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকব না’: পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ

‘মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকব না’: পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকব না। কোনো মাজার ধ্বংস করা হলে এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব।’

বুধবার (২৬ আগস্ট) সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখা আয়োজিত ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘গত ইন্টেরিয়াম সরকারের আমলে দেশের ১২৭টি মাজার ধ্বংস করতে চাওয়া হয়েছিল। মাজারগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমান মাজারের খাদেমকে পুড়িয়ে হত্যা করেছেন। আর যদি কোনো মাজার ধ্বংস করা হয়, তাহলে আমরা আর ঘরে বসে থাকব না।’

তিনি আরও বলেন, ‘আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না। আপনারা মওদুদী আইন বাস্তবায়ন করতে পারবেন না। আপনারা মনে করেছিলেন ক্ষমতায় চলে গেছেন, মন্ত্রিসভাও গঠন করেছিলেন। জনগণ আপনাদের সেই আশা পূরণ করতে দেয়নি।’

কৃষি ও বিদ্যুৎ প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘যেখানে সারের ডিলার নেই, সেখানে ডিলার নিয়োগ দেওয়া হবে। ডিলার নিয়োগের মাধ্যমে সারের সমস্যা সমাধান করা হবে। কোনো কৃষক যেন বেশি দামে সার কিনতে না হয়, সেটি নিশ্চিত করা হবে। সোলার প্রকল্পের মাধ্যমে বিদ্যুতের চাহিদা পূরণের উদ্যোগ নেওয়া হবে।’

তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বয়স্ক ভাতা কার্ড, কৃষক কার্ডসহ অন্যান্য প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হবে।

রাসুল (সা.)-এর জীবন ও আদর্শ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘হযরত মোহাম্মদ (সা.) আমাদের দিকনির্দেশনা দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন। আমরা নবীর তরিকা ধরে ঐক্যবদ্ধ থাকব।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলাম। বক্তব্য দেন সংগঠনের উপজেলা শাখার উপদেষ্টা মণ্ডলীর প্রধান গোলাম মাহবুব জিহাদি।

এ সময় পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, পঞ্চগড় পৌর বিএনপির সদস্য অ্যাডভোকেট এম এ বারী, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, পঞ্চগড় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, দেবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাদেরী কিবরিয়া রানা, আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের উপজেলা শাখার সদস্য সচিব মোশাররফ হোসেন বাবুলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের নেতাকর্মী ও অনুসারীরা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের উপজেলা শাখার আহ্বায়ক কমিটির কার্যকরী সদস্য সফিকুল ইসলাম।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর