শিরোনাম

পঞ্চগড়ে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ২৫ উদ্যোক্তাকে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

পঞ্চগড়ে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ২৫ উদ্যোক্তাকে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে দক্ষ উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে পঞ্চগড়ে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১০০ ঘণ্টার প্রশিক্ষণ শেষে রোববার দুপুরে তেঁতুলিয়ার ইকো মহানন্দা কটেজে সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ করা হয়।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এ প্রশিক্ষণের আয়োজন করে যমুনা ব্যাংক পিএলসি। প্রশিক্ষণে ২৫ জন অংশগ্রহণকারী উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন যমুনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। এ সময় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মাসুম বিল্লাহ ও আইয়ুব আলী, যমুনা ব্যাংকের রাজশাহী জোনের প্রধান মুহাম্মদ ফজলুল হকসহ ব্যাংকটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে যমুনা ব্যাংক পিএলসির হেড অব এসএমই ডিভিশন (মার্কেটিং ইউনিট) নসরুল হাদি মোহাম্মদ নুসরত এবং পঞ্চগড় শাখার ব্যবস্থাপক মো. রাশেদ মামুন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ বলেন, দক্ষ, উদ্ভাবনী ও সম্ভাবনাময় উদ্যোক্তা গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা বাস্তব ব্যবসায়িক ক্ষেত্রে কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখার জন্য তাঁরা অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন।

সমাপনী অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের নিয়ে কর্মসূচির ৮০তম রোড শোর অংশ হিসেবে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্টে ফটোসেশন অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

আয়োজক ও প্রশিক্ষণার্থীরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বাড়ানোর পাশাপাশি সহজ শর্তে ঋণপ্রাপ্তির সুযোগ ও উদ্যোক্তা তৈরিতে সহায়ক হবে। এর মাধ্যমে শিল্পায়ন, কর্মসংস্থান এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের পথ আরও সুগম হবে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর