মানিকগঞ্জ সদর উপজেলায় একটি শহীদ মিনার থেকে সিহাব হোসেন (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার জাগীর এলাকার একটি মাঠের পাশে অবস্থিত শহীদ মিনার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিহাব সদর উপজেলার হিজুলী গ্রামের সেলিম মিয়ার ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড মাছবাজারের এক মাছ ব্যবসায়ীর কর্মচারী হিসেবে কাজ করত। পরিবারের সঙ্গে না থেকে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে নানার সঙ্গে থাকত সে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত থেকে সিহাবের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। রোববার সকাল ৭টার দিকে স্থানীয়রা জাগীর এলাকার শহীদ মিনারে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
মাছ ব্যবসায়ী মনির হোসেন বলেন, সিহাব তাঁর মাছের দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। শনিবার সে ছুটি নিয়েছিল এবং ওই দিন কাজে আসেনি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ এবং ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।