‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার আয়োজন করা হয়। মেলায় স্থান পেয়েছে বিভিন্ন প্রজাতির গবাদিপশু, হাঁস-মুরগি ও প্রাণিসম্পদ খাতের নানা উপকরণ নিয়ে সাজানো ২৯টি স্টল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে শহরের ফৌজদারি মোড় থেকে বর্ণাঢ্য র্যালিটি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন পুলিশ লাইন মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
এ সময় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জেলা মৎস্য কর্মকর্তা আ.ন.ম. আশরাফুল কবীর, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছানোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত বাংলাদেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে এ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
তারা বলেন, প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ ও রপ্তানিমুখী করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন এবং খামারিদের দক্ষতা বাড়ানো প্রয়োজন। প্রাণিজ আমিষের চাহিদা পূরণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদ বিভাগ, খামারি এবং সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পুরাতন পুলিশ লাইন মাঠে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় মোট ২৯টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে বিভিন্ন প্রজাতির গবাদিপশু, হাঁস-মুরগি এবং প্রাণিসম্পদ খাতের নানা উপকরণ প্রদর্শন করা হচ্ছে।