দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে ‘প্রেসিডেন্ট জিয়া : রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া : জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ বই রাখার নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (৬ জুলাই) রাতে মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ৩ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে উল্লিখিত তিনটি বইয়ের অন্তত এক সেট সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছিল।
জানা গেছে, ‘প্রেসিডেন্ট জিয়া : রাজনৈতিক জীবনী’ এবং ‘বেগম খালেদা জিয়া : জীবন ও সংগ্রাম’ বই দুটি সাংবাদিক মাহফুজ উল্লাহ রচিত। ‘সবার আগে বাংলাদেশ’ বইটির লেখক প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনটি বইই জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত।
তবে সর্বশেষ জারি করা অফিস আদেশে আগের নির্দেশনা বাতিল করা হয়েছে। আদেশে এ সিদ্ধান্ত কার্যকরের নির্দেশ দেওয়া হলেও নির্দেশনা প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি।