নরসিংদীর পলাশ থানা যুবদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। রাজধানীর অভিজাত এলাকা গুলশানর একটি অডিটোরিয়ামে বসে সম্প্রতি কমিটি গঠন করা হলেও জেলা যুবদলের আনুষ্ঠানিক অনুমোদন মেলেনি বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাশ থানা যুবদলের নতুন কমিটি গঠনের দাবি থাকলেও ত্যাগী ও দীর্ঘদিন মাঠে সক্রিয় নেতাকর্মীদের বাদ দিয়ে সরকারদলীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের ব্যক্তিগত সহকারী ( এপিএস) বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টনের উদ্যোগে এম এ বাসেদকে সভাপতি এবং মাসুদ খানকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগকারীদের দাবি, জেলা যুবদলের অনুমোদন ছাড়াই ওই কমিটির ঘোষণা দেওয়া হয়। এমনকি আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়ার পরও নবঘোষিত কমিটির নেতাকর্মীরা পলাশে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন এবং ড. আব্দুল মঈন খানকে শুভেচ্ছা জানানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করেন।
এ বিষয়ে জানতে চাইলে নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ বলেন, "পলাশ থানা যুবদলের ওই কমিটির বিষয়ে আমি অবগত নই। জেলা কমিটির পক্ষ থেকে এ ধরনের কোনো অনুমোদন দেওয়া হয়েছে কি না, সে সম্পর্কেও আমার জানা নেই।"
জেলা যুবদলের দায়িত্বশীল একটি সূত্র জানায়, সাংগঠনিক নিয়ম অনুযায়ী উপজেলা বা থানা কমিটি গঠনের ক্ষেত্রে জেলা কমিটির অনুমোদন প্রয়োজন। অনুমোদন ছাড়া কোনো কমিটি সাংগঠনিকভাবে কার্যকর হয় না।
তবে অভিযোগের বিষয়ে বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন বলেন, রাজধানীতে ড. আব্দুল মঈন খান স্যারের অডিটোরিয়ামে কাউন্সিলর, পৌর ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দদের উপস্থিতিতে কমিটি গঠন করা হয়েছে। তিনি দাবি করেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকারের সঞ্চালনায় এ কমিটি গঠন করা হয় এবং বিষয়টি শুধু জেলা কমিটিই নয়, কেন্দ্রীয় কমিটিকেও অবহিত করা হয়েছে। তবে পলাশে বসে কেন কমিটি গঠন করা হয়নি এ প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি তিনি।
এ বিষয়ে নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এ বিষয়ে আজ সন্ধায় সভাপতি মহসিন হোসাইন বিদ্যুতের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।" তবে তিনি এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বিস্তারিত মন্তব্য করেননি।
এ ঘটনায় পলাশ উপজেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই সাংগঠনিক নিয়ম অনুসরণ করে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় কমিটি গঠনের দাবি জানিয়েছেন।