নরসিংদীতে মন্দির উন্নয়নের নামে সরকারি টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের ১ লাখ ১৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ও জেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক দীপক কুমার বর্মণ (প্রিন্স)-এর বিরুদ্ধে। এ ঘটনায় তুষার দাস নামে এক ব্যক্তি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, নরসিংদী পৌর শহরের বৌয়াকুড় এলাকার শীতলাবাড়ি মন্দিরের উন্নয়নের জন্য চলতি বছরের ৫ এপ্রিল গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১ লাখ ১৭ হাজার টাকা বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নের জন্য দীপক কুমার বর্মণকে সভাপতি করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। পরে সভাপতির নামে ইস্যু করা চেকের মাধ্যমে বরাদ্দের অর্থ উত্তোলন করা হলেও, অভিযোগ অনুযায়ী তিনি গত ১১ মে নিজের ব্যাংক হিসাবে চেক জমা দিয়ে অর্থ গ্রহণ করেন এবং তা মন্দির কমিটির কাছে হস্তান্তর করেননি।