নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল রোববার (৬ জুলাই) ঢাকার এলজিইডি (LGED) প্রধান কার্যালয়ে সংস্থাটির প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. বেলাল হোসেন এবং সড়ক ও সেতু বিভাগের প্রকল্প পরিচালক (পিডি) ড. মোহাম্মদ জিয়াউল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন।
বৈঠকে রায়পুরা উপজেলার সার্বিক অবকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মেঘনা সেতু প্রকল্পের দ্রুত বাস্তবায়ন, চারটি গুরুত্বপূর্ণ বৃহৎ সেতু নির্মাণ, নতুন বড় ও ছোট সড়ক নির্মাণ, বিদ্যমান সড়কের প্রশস্তকরণ ও সংস্কারকাজ দ্রুত শুরু এবং এসব উন্নয়ন প্রকল্পের জন্য প্রয়োজনীয় বরাদ্দ বৃদ্ধির বিষয় গুরুত্ব পায়।
সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল রায়পুরাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আধুনিক, নিরাপদ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলে একটি উন্নত ও সমৃদ্ধ রায়পুরা বিনির্মাণে তিনি কাজ করে যাচ্ছেন।
বৈঠকে সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি ও বাস্তবায়ন ত্বরান্বিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।