শিরোনাম
সামনে হত্যা মামলার আসামি

মাদক ও সন্ত্রাসমুক্ত নরসিংদীর দাবিতে প্রচারণা

মাদক ও সন্ত্রাসমুক্ত নরসিংদীর দাবিতে প্রচারণা

নরসিংদী প্রতিনিধি>
নরসিংদীকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত প্রচারণাকে ঘিরে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করছেন বলে আলোচনায় এসেছেন নরসিংদী পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেন হত্যা মামলার আসামি শরীফ এবং ওয়াদুদ হত্যা মামলার আসামি আবু কাউসার।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি আবু কাউসার এবং কারামুক্ত হওয়ার পর শরীফ সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হন। গত কয়েক মাস ধরে তারা বিভিন্ন ভিডিও ও পোস্টে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য দিয়ে প্রচারণা চালিয়ে আসছেন। তবে তাদের এই কার্যক্রম নিয়ে প্রশাসন বা জনপ্রতিনিধিদের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আবু কাউসার নিজেকে 'মাস্তান' হিসেবে পরিচয় দিয়ে ওয়াদুদ হত্যাকাণ্ড প্রসঙ্গে বক্তব্য দেন। একই ভিডিওতে তিনি জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। নাহিদের দাবি, এসব বক্তব্য মিথ্যা, মানহানিকর ও বিভ্রান্তিকর।
এ ঘটনায় নাহিদ থানায় মামলা দায়ের করলে গত শুক্রবার পুলিশ আবু কাউসারকে গ্রেপ্তার করে। পরদিন শনিবার তার মুক্তির দাবিতে স্বজনরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এদিকে হত্যা মামলার একজন আসামির 'মাদক ও সন্ত্রাসমুক্ত নরসিংদী'র প্রচারণায় সক্রিয় অংশগ্রহণ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে। তবে এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে অনেকে অনাগ্রহ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে তারা স্বাচ্ছন্দ্যবোধ করছেন না।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর