শিরোনাম

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের জানাজা আজ ঢাবির কেন্দ্রীয় মসজিদে

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের জানাজা আজ ঢাবির কেন্দ্রীয় মসজিদে

বাংলা একাডেমির সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের প্রবীণ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের জানাজা আজ সোমবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামিআ’য় অনুষ্ঠিত হবে। এর আগে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ অপরাজেয় বাংলার পাদদেশে নেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অপরাজেয় বাংলার পাদদেশে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়েছে। এরপর বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জানাজা শেষে তাঁকে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

গতকাল রোববার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্মগ্রহণ করেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। তিনি ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতক (সম্মান) এবং ১৯৬৬ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেন। তিনি বাংলা একাডেমির সভাপতির দায়িত্বও পালন করেন এবং সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার ও বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর